চিঠি ভাল থেকো প্রিয় ওয়াশরুম-DVB


স্কুলের ওয়াশরুমের নিকট প্রাক্তন শিক্ষার্থীর চিঠি-DVB
ইসমাইল হোসেন ফরিদ –প্রাক্তন সিনিয়র শিক্ষক।ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ফরিদপুর
[ কিছু শিক্ষার্থীদের মনের কথায় আমার লেখা এই চিঠি ]
প্রিয় ওয়াশরুম,
তুমি আজ কোথায়? তোমাকে ভীষণ মনে পড়ছে।স্কুলের দিনগুলোতে তুমি ছিলে আমাদের গোপন আশ্রয়, আমাদের অনেক আনন্দ-বেদনার নীরব সাক্ষী।
তোমার চার দেয়ালের ভেতর লুকিয়ে আছে আমাদের হাজারো কাহিনী। ক্লাসের বাইরে তোমার সীমানায় আমরা খুঁজে পেতাম আমাদের ছোট্ট মুক্তির আসর। যখন ক্লাস ফাঁকি দিয়ে তোমার কাছে এসে দাঁড়াতাম, তুমি ছিলে আমাদের এক টুকরো ভরসা।
তোমার ভিতরে ফোনে সময় কাটানো, গল্পের আসর বসানো, বন্ধুদের সঙ্গে হাসি-ঠাট্টা – আজ যেন শুধুই স্মৃতি। তুমি ছিলে আমাদের লুকানো এক টুকরো স্বাধীনতা।
কড়া টিচারদের কঠোরতার হাত থেকে বাঁচতে তোমার কাছে আশ্রয় নেওয়া – সবকিছুই আজ যেন জীবন্ত স্মৃতি। তোমার ভিতরে দাঁড়িয়ে প্রেমে ফোন করার সেই মিষ্টি মুহূর্তগুলো আমরা কীভাবে ভুলে যাবো , বলো?
তোমার বদ্ধ, স্যাঁতস্যাঁতে বাতাসে মিশে আছে আমাদের আনন্দে ভেজা মুহূর্তগুলো। ক্লাসের একঘেয়েমি থেকে পালিয়ে তোমার ছোট্ট কুঠুরিতে এসে বসা, আর আমাদের নীরব কথোপকথনগুলো যেন আজও বাতাসে ভেসে বেড়ায়। স্কুলের কঠোর রুটিনের মাঝে তুমি ছিলে আমাদের শিথিলতার ঠিকানা।
আজ আমরা অনেক দূরে, জীবন বদলে গেছে, তবে তোমার স্মৃতি আজও হৃদয়ে অম্লান। তুমি ছিলে নোংরা, নিস্তব্ধ। তবুও তুমি ছিলে আমাদের প্রিয়। তোমার সাথে কাটানো সময়গুলো ছিল আমাদের জীবনের শ্রেষ্ঠ বিনোদনের অংশ, আমাদের কৈশোরের এক অন্যতম অধ্যায়। তোমার মাঝে লুকিয়ে আছে আমাদের হাসি-কান্না, আনন্দ-বেদনা, প্রেম-বিরহের নীরব আখ্যান।
আজও তোমাকে অনুভব করি, ওয়াশরুম। তোমাকে মনে করে পুরানো সেই দিনগুলোর স্মৃতির আঙ্গিনায় ফিরে যাই। তুমি ছিলে আমাদের জীবনের এক অপরিহার্য অংশ। তোমাকে ছাড়া স্কুলের দিনগুলো যেন অসম্পূর্ণ।তোমাকে মনে পড়ে ,ওয়াশরুম। ভীষণ , ভীষণ মনে পড়ে।
ভালো থেকো, প্রিয় ওয়াশরুম।
ইতি-তোমার প্রিয়সবার গালিখোর
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.












কবিতা: অনুতপ্ত হতে হবে