সালথায় ৬৫ বছরের বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ


ফরিদপুরের সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে আজিজুল মোল্যা (৬৫) নামে এক বাগান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আজিজুল মোল্যা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের গুপিনগর পাড়ার মৃত মান্নান মোল্যার ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে আজিজুল মোল্যার বাগান থেকে লিচু পাড়াকে কেন্দ্র করে পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সীর ছেলে সাকিল মুন্সী ও তুষার মুন্সীর সঙ্গে বাগান মালিকের ছেলে আকরাম মোল্যার বিরোধ সৃষ্টি হয়।
নিহত আজিজুল মোল্যার ছোট ছেলে আকরাম মোল্যা বলে তুমরা আমাদের বাগানের লিচু খাইতেছো এবং এখানে বসেই বাবা গাঁজা খাইতেছো কেন? এক কথা বলার সাথে সাথেই আকরাম মোল্যাকে মারধর করা হয় বলে জানানো হয়।

পরে সন্ধ্যায় ফুলবাড়িয়া বাজারে গিয়ে মোশারফ মুন্সীর ভাই বিল্লাল মুন্সীর কাছে ছেলেকে মারধরের বিচার চাইতে গেলে আজিজুল মোল্যার সঙ্গে অভিযুক্তদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাকিল, তুষারসহ তাদের পরিবারের সদস্যরা আজিজুল মোল্যার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এসময় বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ জানান, লিচু পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.















কবিতা: অনুতপ্ত হতে হবে