পাঁচবিবিতে নৈশপ্রহরীকে বেঁধে রেখে খামার থেকে ৬০০ মুরগি লুট


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাধাবাড়ী এলাকায় এক মুরগির খামারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় খামারের ৭০ বছর বয়সী নৈশপ্রহরী বাদল চন্দ্রকে হাত বেঁধে জিম্মি করে প্রায় ৬০০ মুরগি লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মনোরঞ্জন দাস রতনের মুরগির খামারে এ ঘটনা ঘটে। নৈশপ্রহরী বাদল চন্দ্র জানান, রাতে খামারে ঘুমিয়ে থাকা অবস্থায় ৭-৮ জনের একটি দল এসে তাঁর হাত বেঁধে ফেলে। চিৎকার করতে নিষেধ করে একজন চাকু হাতে তাঁকে পাহারায় রাখে। এ সময় অন্যরা খামার থেকে মুরগি লুট করে নিয়ে যায়। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর সকালে দাঁত দিয়ে হাতের বাঁধন খুলে মালিককে বিষয়টি জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা খামারের পশ্চিম পাশের নিরাপত্তাবেষ্টনীর তারকাঁটা কেটে ভেতরে প্রবেশ করে। শেডের তালা খুলতে না পেরে নেট কেটে মুরগি নিয়ে যায়। এ সময় একটি পিকআপ ভ্যানও খামারের দিকে যেতে দেখা যায়।
খামারের মালিক মনোরঞ্জন দাস রতন জানান, প্রায় ৬০০ মুরগি লুট হয়েছে, যার আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান তিনি। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম বলেন, মৌখিকভাবে ঘটনাটি জেনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুল কাইয়ুম, জয়পুরহাট:
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.










কবিতা: অনুতপ্ত হতে হবে