সরকার সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সালথায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, তখনই সব ধর্মের মানুষ সমঅধিকার নিয়ে বাঁচতে পারেন। তাঁরা স্বাধীনভাবে ও নিরাপত্তার সঙ্গে ধর্মীয় উৎসব পালন করতে পারেন বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অবস্থান তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা ১৮ কোটি মানুষকে আশ্বস্ত করতে চাই, তাঁরা যে ধর্মের বা বর্ণেরই হোন না কেন, সবাই সমঅধিকার নিয়ে বাঁচবেন। আমরা সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না।
আজ সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরের সালথায় শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে সাহাপাড়া পূজামণ্ডপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ ইসলাম বলেন, গত বছর ও এ বছরের পূজার মধ্যে পার্থক্য রয়েছে। বর্তমানে আমরা একটি গণতান্ত্রিক সরকারের অধীনে রয়েছি। গত ফেব্রুয়ারি মাসে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে বিএনপি। এই সরকার সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

গত বছরের দুর্গাপূজার প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত পূজায় বিএনপির নেতাকর্মীরা মন্দির কমিটির সদস্যদের সঙ্গে সমন্বয় করে সারা রাত মন্দির পাহারা দিয়েছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বিগত সরকারের সময়ের বরাদ্দের সঙ্গে এ বছরের বরাদ্দের তুলনা করে জানতে চান, এ বছর তাঁরা আগের চেয়ে বেশি বরাদ্দ পেয়েছেন কি না।
তিনি আরও বলেন, গত ১৭ বছর মানুষ একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পার করেছেন। তবে এবারের শারদীয় দুর্গাপূজায় সব ধর্মের মানুষ এক হয়ে, ভাই ভাই হিসেবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে উৎসব পালন করছেন। এটাই বাংলাদেশের সৌন্দর্য ও মাধুর্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে সম্প্রীতির এই বন্ধন আরও সুদৃঢ় হবে। নিজের বাবা সাবেক বিএনপি মহাসচিব কে এম ওবায়দুর রহমানের প্রসঙ্গ টেনে শামা ওবায়েদ বলেন, তাঁর বাবাও একসময় পূজামণ্ডপে আসতেন। তিনি যত দিন বেঁচে ছিলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য কাজ করেছেন।
এ সময় উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের মধ্যে কোনো ধরনের কোন্দল সৃষ্টি করা যাবে না। সবাইকে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিজেদের মধ্যে দলাদলি না করে সংগঠনকে শক্তিশালী করতে হবে। জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম. সদস্যসচিব এনায়েত হোসেনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.












কবিতা: অনুতপ্ত হতে হবে