ফরিদপুরের আলফাডাঙ্গায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন


ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মিঠাপুর গ্রামে একটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে পৌরসভা মিঠাপুর মৎস্য খামারি সাখাওয়াত তালুকদারের পুকুরে এ বিষ প্রয়োগ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মিঠাপুর এলাকার বাসিন্দা সাখাওয়াত তালুকদার দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে নিজ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। প্রতিদিনের মতো সকালে তিনি পুকুরে গিয়ে দেখতে পান রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন জাতের ছোট-বড় মাছ মরে ভেসে উঠছে এবং পানি থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। ধীরে ধীরে পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে।
ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি সাখাওয়াত তালুকদার ক্ষোভ ও কান্নাভেজা কণ্ঠে বলেন, “পূর্বশত্রুতার জের ধরে রাতের কোনো এক সময় কে বা কারা গোপনে পুকুরে বিষাক্ত কীটনাশক বা বিষ প্রয়োগ করেছে। আমার সারা বছরের কষ্ট আর মৎস্য খামারের স্বপ্ন এক রাতেই শেষ হয়ে গেল। আমি এই নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা এসে ক্ষোভ প্রকাশ করেন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
এ ঘটনায় সাখাওয়াত তালুকদার অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় অভিযোগ দিয়েছেন।এ বিষয়ে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সরোয়ার বলেন, খবর পেয়ে ঘটনা তদন্ত জন্য পুলিশ পাঠিয়েছি। ক্ষতিগ্রস্ত খামারি লিখিত অভিযোগ পেয়েছি,তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরিফুজ্জামান চাকলাদার
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.














কবিতা: অনুতপ্ত হতে হবে