ইতালি নেওয়ার কথা লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১-DVB


ফরিদপুরের সালথার এক যুবককে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে অমানবিকভাবে নির্যাতনের ঘটনায় সালথা থানায় মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
এ মামলায় সাতজনকে আসামি করা হয়েছে। অতঃপর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. শাকিল (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার নকুলহাটি বাজার এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
শাকিল একই উপজেলার বিভাগদী গ্রামের মো. নফেল নামের এক ব্যাক্তির ছেলে। এর আগে এ ঘটনায় বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে সালথা থানায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে থানাটির এসআই কবিরুল হককে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান দৈনিক ইনকিলাবকে বলেন, লিবিয়ায় নিয়ে যুবককে নির্যাতনের ঘটনায় ওই যুবকের বাবা সালথা থানায় বৃহস্পতিবার বিকালে একটি এজাহার দায়ের করেছেন।
এর পরপরই শুক্রবার (২৯ মার্চ) সকালে পুলিশ অভিযান চালিয়ে এ মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামি শাকিল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গ, সম্প্রতি সালথার রামকান্তপুর এলাকার মো. শাকিল মিয়া (২৪) নামের এক যুবককে চাকরির প্রলোভনে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন করে মানবপাচারের সঙ্গে জড়িত একটি চক্র। পরে এ ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ঘটনাটি সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়।
নিজস্ব প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে