আগৈলঝাড়ায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ


বরিশালের আগৈলঝাড়ায় “বাল্য বিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি” এবং “করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা” স্লোগানকে সামনে রেখে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)—২য় পর্যায়ের আওতায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), আগৈলঝাড়ার উদ্যোগে রাংতা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার।
এসময় আরও বক্তব্য রাখেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান। এতে কোর্স পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচ এম শাহাদাত।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, “কিশোরীদের সুশিক্ষিত ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে বাল্যবিয়ে একটি বড় বাধা। বাল্যবিয়ে প্রতিরোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এর পাশাপাশি প্রতিটি পরিবার ও সমাজে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আজকের কিশোরীরা সচেতন হলে আগামী দিনে একটি অপরাধমুক্ত ও উন্নত সমাজ গঠন সম্ভব হবে।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচ এম শাহাদাত জানান, “দরিদ্র মহিলাদের স্বাবলম্বী করতে এবং কিশোরীদের সামাজিক ও আর্থিক সুরক্ষার লক্ষ্যে ইরেসপো প্রকল্পের মাধ্যমে এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং সচেতনতামূলক শিক্ষার মাধ্যমে এই কিশোরীরা ভবিষ্যতে তাদের পরিবার ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কিশোরীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী ও প্রশিক্ষণার্থী কিশোরীরা উপস্থিত ছিলেন।
জগদীশ মন্ডল আগৈলঝাড়া প্রতিনিধি:
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.














কবিতা: অনুতপ্ত হতে হবে