সালথায় মোটরসাইকেলের ধাক্কায় জান্নাতি নামে শিশুর মৃত্যু, ৪ লাখ টাকায় মীমাংসার অভিযোগ


ফরিদপুরের সালথায় স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় জান্নাতি আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর থানায় মামলা না করে স্থানীয়ভাবে ৪ লাখ টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের বড়বাংরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতি আক্তার বড়বাংরাইল পশ্চিমপাড়ার ইলিয়াস মুন্সির মেয়ে। সে বড়বাংরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে জান্নাতি কয়েকজন সহপাঠীর সঙ্গে স্কুলে যাচ্ছিল। এ সময় একই গ্রামের সেলিম মুন্সির ছেলে সজিব মুন্সি দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ফুলবাড়িয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি জান্নাতিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে প্রথমে ফুলবাড়িয়া বাজারে নিয়ে যান। সেখান থেকে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতিকে মৃত ঘোষণা করেন।
এদিকে, শিশুটির মৃত্যুর পর দুর্ঘটনার ঘটনায় থানায় মামলা না করে স্থানীয়ভাবে সমঝোতা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সোনাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনির মোল্লার উদ্যোগে মোটরসাইকেল চালকের পক্ষের সঙ্গে নিহত শিশুর পরিবারের ৪ লাখ টাকায় সমঝোতা হয়। এ ঘটনায় সাবেক চেয়ারম্যানের ভূমিকা নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগের বিষয়ে মনির মোল্লা বলেন, দুই পক্ষই গরিব মানুষ। তাই মামলার দিকে না গিয়ে চার লাখ টাকার বিনিময়ে ঘটনাটি মীমাংসা করা হয়েছে।স্থানীয়রা দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সড়কে গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তাব্যবস্থা জোরদারেরও দাবি জানিয়েছেন তারা।
সালথা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তিনি বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.














কবিতা: অনুতপ্ত হতে হবে