বিস্ফোরক মামলায় আলফাডাঙ্গায় ৫আ.লীগে নেতা গ্রেফতার DBB


ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মীকে আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাদপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান হাই (৬৩), দাদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য নাজিমুদ্দিন (৪০), রূপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম (৪৫), রুপাপাত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরু শরীফ (৪২) ও একই উপজেলার রূপাপাত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক টুটুল মিয়া (৩৮)।
বৃহস্পতিবার (৯ মে) দিবাগত গভীর রাতে বোয়ালমারী ও আলফাডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। শুক্রবার (৯ মে) দুপুরে গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতাদের আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা পৌরসদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে বিএনপির সমর্থক লাভলু সর্দার গত ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষকসহ আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন । এ মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মামলার আসামিদের মধ্যে অনেকেই গ্রেফতার হয়েছে। তবে মামলাটির প্রথম শ্রেণির নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, বৃহস্পতিবার রাতে দুই থানার পুলিশ অভিযান চালিয়ে ৫ নেতাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে আলফাডাঙ্গা থানায় পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, বিস্ফোরক মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে বোয়ালমারী উপজেলার বাসিন্দা ৫ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারদের শুক্রবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
আলফাডাঙ্গা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.












কবিতা: অনুতপ্ত হতে হবে