ফরিদপুরের নগরকান্দায় যুবদলের সমাবেশে ফরিদপুর- ২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হলে দুই দেশের বিদ্যমান বন্দি বিনিময় চুক্তি ও আইনি প্রক্রিয়ার আওতায় ফিরিয়ে আনতে হবে।
ভারত এই প্রক্রিয়া মেনে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা মোড়ে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামা ওবায়েদ।
তিনি বলেন, ‘শেখ হাসিনা যদি দেশে আসতে হয়, তাহলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই আসতে হবে। আমরা আশা করি, ভারত এই বিষয়টি মেনে নিয়ে তাকে বাংলাদেশের হাতে তুলে দেবে।’ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পর কোথায় রাখা হবে, সে বিষয়েও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশে ফিরিয়ে আনার পর তার জায়গা হবে কেন্দ্রীয় কারাগারে। কোনো সাধারণ নথিপত্র বা পাসপোর্টের মাধ্যমে নয়, বরং দুই দেশের মধ্যে বিদ্যমান আইনি প্রক্রিয়া ও বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

বক্তব্যে বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে অতীতের নির্যাতনের প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, ‘বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মারা যেতে হয়েছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে কীভাবে নির্যাতন করে দেশছাড়া করা হয়েছিল। আমরা কি এগুলো ভুলে গেছি?’ এ সময় দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘আমি যদি জানতে পারি, আমার এলাকায় কোনো জিয়ার সৈনিকের বাড়িতে আওয়ামী লীগের কোনো দোসর পালিয়ে আছে, তাহলে ওই জিয়ার সৈনিকও বিপদে পড়বে।’
নগরকান্দা উপজেলা যুবদলের সভাপতি তৈয়বুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ও খন্দকার ফজলুল হক টুলু, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ ও সদস্যসচিব এনায়েত হোসেন প্রমুখ।
সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আজিজুল হক এর নেতৃত্বে ও মুহা. ছরোয়ার হোসেন এর ব্যবস্থাপনায় ৫শতাধিক লোক নিয়ে সভাস্থলে যান। এ সময় মিছিলে এলাকার গণ্যমান্য ও বিএনপি নেতাকর্মীগণ শরিক হন। মোঃ আবুল কাশেম সায়েম এ সময় সাথে ছিলেন।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com