ফরিদপুরের নগরকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয় দুই সাংবাদিকের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা তাঁদের মারধর করে জখম করার পাশাপাশি একটি ভিডিও ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক গোলাম মোস্তফা মিয়া বাদী হয়ে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন।
উক্ত ঘটনায় কোন আসামী গ্রেফতার না হওয়ায় ১৫ ই নভেম্বর রবিবার নগরকান্দা প্রেস ক্লাবর সামনে রিপোর্টার্স ক্লাব, নগরকান্দার উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মনববন্ধনে বক্তারা উন্ত ঘটনার তিব্র নিন্দা ও অবিলম্বে জরিতদের গ্রফতারের দাবি জানান।
এ সময় রিপোর্টার্স ক্লাব ফরিদপুর এর সভাপতি শফিউল মঞ্জুর ফরিদ দোষী ব্যাক্তিদের দ্রুত গ্রফতার করে আইনের আওতায় না আনলে পরবর্তিতে জেলা পর্যায়ে কঠোর কর্মসূচি ঘোষনা দেওয়ার হুশিয়ারি দেন। মানববন্ধন শেষে নগরকান্দা থানা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর ২০২৬ মঙ্গলবার দুপুরে উপজেলার আশফরদী বাজার চৌরাস্তা মোড়ে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আশফরদী বাজার চৌরাস্তা মোড়ে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে প্রতি কার্ডধারীকে মাসিক ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও ওজনে কম দেওয়া হচ্ছে—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তথ্য সংগ্রহ করতে যান নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক ও দৈনিক সরেজমিন বার্তার প্রতিনিধি গোলাম মোস্তফা মিয়া এবং রিপোর্টার্স ক্লাবের সদস্য ও দৈনিক গণসংহতির প্রতিনিধি নজরুল ইসলাম শেখ।
ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিকরা চাল বিতরণের অনিয়মের দৃশ্য ভিডিও ধারণ করার সময় অভিযুক্ত লিয়াকত আলী সরদার ওরফে টিটু (৫০) ও মনির সরদারসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন তাঁদের ওপর চড়াও হন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা লোহার রড ও কাঠের বাটাম দিয়ে দুই সাংবাদিককে বেধড়ক মারধর করেন। এ সময় লিয়াকত আলী সরদার ভিডিও ধারণ করতে নিষেধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
বাধা দিতে গেলে গোলাম মোস্তফা মিয়ার মাথা লক্ষ্য করে লোহার রড দিয়ে আঘাত করা হয়, যা তাঁর বাম হাতের কবজিতে লেগে গুরুতর জখম হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে মনির সরদার কাঠের বাটাম দিয়ে তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।
সহকর্মী সাংবাদিক নজরুল ইসলাম শেখ তাঁকে রক্ষার্থে এগিয়ে গেলে তাঁকেও মারধর করা হয়। একপর্যায়ে হামলাকারীরা সাংবাদিক নজরুলের ব্যবহৃত প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের একটি সনি হ্যান্ডিক্যাম ভিডিও ক্যামেরা এবং গোলাম মোস্তফা মিয়ার পকেটে থাকা নগদ ৩৫ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেন। এমনকি ঘটনাটি ফাঁস করলে বা আইনের আশ্রয় নিলে তাঁদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
পরে স্থানীয় সহকর্মীরা আহত সাংবাদিক গোলাম মোস্তফা মিয়াকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখানে তাঁর চিকিৎসা নিশ্চিত করেন। প্রাথমিক চিকিৎসা ও কিছুটা সুস্থ হয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, "সাংবাদিকদের তথ্য সংগ্রহকালে মারপিটের ঘটনায় একটি মামলা রুজু হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে ও আসামী গ্রেফতার প্রকৃয়া চলমান রয়েছে।"
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন।
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com