ফরিদপুরের আলফাডাঙ্গায় সার ডিলারশিপ নিয়োগে অনিয়মের অভিযোগ তুলেছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আহমেদ আলী সিকদার। প্রয়োজনীয় যোগ্যতা ও অবকাঠামোগত সুবিধা থাকা সত্ত্বেও তাঁকে ডিলারশিপ না দিয়ে অন্য একজনকে বরাদ্দ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। এ ঘটনায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এই বিএনপি নেতা।
শনিবার বিকেলে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। আহমেদ আলী সিকদারের দাবি, সরকারি নীতিমালা অনুযায়ী সার ডিলার হওয়ার জন্য প্রয়োজনীয় গুদামঘর, সড়ক যোগাযোগ ও পরিবহন সুবিধা তাঁর রয়েছে। নিজস্ব দুইতলা ভবনের নিচতলা ও দোতলার অর্ধেক অংশ সার সংরক্ষণের উপযোগী। এরপরও তাঁর আবেদন উপেক্ষা করে অন্য একজনকে ডিলারশিপ দেওয়া হয়েছে। যাঁকে ডিলারশিপ দেওয়া হয়েছে, তাঁর প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
দীর্ঘ ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করে তিনি বর্তমানে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন বলে জানান। সার ডিলার নিয়োগে ওঠা অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে সরকারি বিধিবিধান অনুযায়ী বরাদ্দ প্রক্রিয়া পুনরায় যাচাইয়ের দাবি জানান তিনি। এদিকে, অভিযোগের বিষয়ে এনামুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এনামুল বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। তিনি নিয়ম অনুযায়ী সার ডিলারশিপ পেয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, প্রচার সম্পাদক নিয়ামত পারভেজ, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আরব আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাফিল মোল্লা, প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, দপ্তর সম্পাদক ফারুক হোসেন কাজলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com