বরিশালের আগৈলঝাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আগৈলঝাড়া উপজেলা শাখার টানা ১৪ বছরের সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত সোহরাব হোসেন বাবুল মাস্টার।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সেরাল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই রাতে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার অন্য তিনজন হলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাজু সেরনিয়াবাত, বাগধা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিঠু বখতিয়ার এবং ছাত্রলীগ কর্মী কাওসার হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (১১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে গ্রেপ্তারকৃতদের পরিবারের সদস্যদের দাবি, তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট মামলা বা অভিযোগের বিষয় না জানিয়েই পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
তবে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সেরনিয়াবাত সোহরাব হোসেন বাবুল মাস্টার কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা যুবলীগের সদস্য মাহমুদুল হাসান সাগর সেরনিয়াবাতের বাবা।
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com