বরগুনার বামনায় জন্মের পরপরই প্লাস্টিকের ব্যাগে ভরে নির্জন স্থানে ফেলে রাখা শিশুটির ঠাঁই হয়েছে বরিশালের আগৈলঝাড়া বিভাগীয় বেবিহোমে (ছোটমণি নিবাস)। বুধবার বিকেলে বেবিহোমে ওই নবজাতক কন্যা শিশুকে হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রশাসনের সহযোগিতায় বুধবার বিকেলে নবজাতক কন্যা শিশুকে উন্নত চিকিৎসার জন্য আগৈলঝাড়া ছোটমনি নিবাস থেকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়েছে।
আগৈলঝাড়া বিভাগীয় বেবিহোমের (ছোটমণি নিবাস) উপ-তত্বাবধায়ক সুশান্ত বালা জানান, গত সোমবার বরগুনার বামনা উপজেলার সোনাখালী গ্রামের ফায়ার সার্ভিস ইউনিটের সামনে ফজলুর দোকানের পেছনে নারিকেল গাছের পাশ থেকে প্লাস্টিকের ব্যাগে রাখা নবজাতক ওই শিশুকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় দেখা যায়, শিশুটির নাড়ি তখনো কাটা হয়নি নাভির সঙ্গে সংযুক্ত ছিল। উদ্ধারের সময় শিশুটির শরীরজুড়ে অসংখ্য পিঁপড়া জড়ানো ছিল। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশুটিকে দ্রুত বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটির নাড়ি কেটে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেন। এরপরে তাকে দেখভাল করার জন্য আগৈলঝাড়া উপজেলার ছোটমনি নিবাসে প্রেরণ করা হয়। সেখানে তাকে প্রয়োজনীয় পরিচর্যার ব্যবস্থা করা হয়।
এদিকে প্লাস্টিকের ব্যাগের মধ্য থেকে জীবিত শিশু উদ্ধারের খবরটি প্রধানমন্ত্রী তারেক রহমান জানতে পারেন। পরে তিনি সরাসরি ওই শিশুটির উন্নত চিকিৎসা সেবার জন্য তার কার্যালয়ের মাধ্যমে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদকে ফোন করে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা শিশু সদন হাসপাতালে পাঠানোর নির্দেশনা দেন। তবে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল থাকার বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করেন বিভাগীয় কমিশনার।
পরে শিশুটিকে সড়ক পথে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা পাঠানোর ব্যবস্থা করেন আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব। বিকেলে আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ আহম্মেদ, আগৈলঝাড়া বিভাগীয় বেবিহোমের (ছোটমণি নিবাস) উপ-তত্বাবধায়ক সুশান্ত বালা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আতাউল্লাহ, একজন নার্স ও একজন আয়াসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে ওই অ্যাম্বুলেন্সেটি ঢাকার উদ্দেশ্যে চলে যায়।
জগদীশ মন্ডল -আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com