ঢাকায় আত্মগোপনে থাকা আজিজুর হত্যা মামলার প্রধান আসামি শাকিল গ্রেপ্তার


ফরিদপুরের সালথায় বহুল আলোচিত লিচুবাগান মালিক আজিজুর হত্যা মামলার প্রধান আসামি মো. শাকিল মুন্সী (২৫) অবশেষে গ্রেপ্তার হয়েছেন।
হত্যাকাণ্ডের পর প্রায় তিন মাস আত্মগোপনে থাকা শাকিলকে বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোররাতে ঢাকার ডিএমপির চকবাজার থানা এলাকা থেকে র্যাব-১০-এর সহযোগিতায় গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া শাকিল মুন্সী সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সির ছেলে। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে অবস্থান পরিবর্তন করলেও গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শেষ পর্যন্ত তাকে আটক করা হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, র্যাব-১০-এর সহযোগিতায় পরিচালিত বিশেষ অভিযানে ঢাকার চকবাজার থানা এলাকা থেকে হত্যা মামলার এক নম্বর আসামি শাকিল মুন্সীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা আজিজুরের লিচুবাগানে পাহারা দেওয়ার জন্য নির্মিত টংঘরে নিয়মিত মাদক সেবন করতেন এবং জোরপূর্বক লিচু পেড়ে খেতেন শাকিল মুন্সী ও তার সহযোগীরা। গত ১৩ মে বিকেলে বাগান মালিকের ছেলে আকরাম মোল্লা এতে বাধা দিলে শাকিল ও তার সহযোগীরা তাকে মারধর করেন। এ ঘটনার জেরে পরে বাগান মালিক আজিজুরের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই ফজলুল হক মোল্লা বাদী হয়ে ১৫ মে সালথা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি শাকিল মুন্সীসহ মোট ১৫ জনকে অভিযুক্ত করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর প্রধান আসামির গ্রেপ্তার মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.













কবিতা: অনুতপ্ত হতে হবে