সালথায় পূর্ব শত্রুতার জেরে পাট ক্ষেতে পচন স্প্রে -কৃষকের লক্ষ টাকার ক্ষতির অভিযোগ


ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের পাট ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে তার প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক।
ক্ষতিগ্রস্ত কৃষক জাহিদ শরীফ জানান, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। চলতি মৌসুমে তিনি ১২ শতাংশ জমিতে পাট চাষ করেন। গত ৩ এপ্রিল সন্ধ্যায় অভিযুক্তরা তার জমিতে বিষ প্রয়োগ করে পাট নষ্ট করে দেয় বলে তিনি অভিযোগ করেন। তিনি ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যায় বলেও দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, এর আগেও একই ব্যক্তিরা তার গম ক্ষেতে আগুন দিয়ে ক্ষতি করেছিল। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযুক্ত আনো শরীফ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। অপর অভিযুক্ত নাঈম শরীফও একই দাবি করেন।
স্থানীয় একটি সূত্র জানায়, পূর্বে একটি শালিসকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরপর থেকেই এলাকায় বিভিন্ন ঘটনা ঘটছে।
এ বিষয়ে সালথা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.





