ফরিদপুরের সালথায় মেলার মধ্যে সঙ্গে থাকা তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কাসেম বেপারী (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
মামলার প্রধান আসামি করা হয়েছে সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরকে। এ ছাড়া গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাফর মোল্যাসহ ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।
আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ওসি আতাউর রহমান বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাতে নিহত কাসেম বেপারীর বাবা পান্নু বেপারী বাদী হয়ে ২৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার নামীয় একজন আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এলাকার সার্বিক পরিস্থিতি বর্তমানে ভালো রয়েছে। জানা গেছে, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে কাসেম বেপারী ও মিলন নামে দুই যুবক উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের ইমামবাড়ি মেলা ও নৌকাবাইচ দেখতে যান।
তাদের সঙ্গে এক তরুণীও ছিল। মেলার ভেতরে কেনাকাটার সময় কাসেম ও মিলনের সঙ্গে এক তরুণীকে উত্ত্যক্ত করতে থাকেন স্থানীয় জয়ঝাপ গ্রামের মুসা মোল্যার ছেলে বাহাদুর মোল্যা নামে যুবক।
এ সময় কাসেম ও মিলন প্রতিবাদ করলে বাহাদুর ক্ষিপ্ত হয়ে তার ছোট দুই ভাইকে ডেকে আনে। পরে বাহাদুর (২৩) ও তার ভাই তৈয়াব (২০) এবং সোহেলসহ (১৮) কয়েকজন যুবক চায়নিজ কুড়াল দিয়ে কাসেম ও মিলনকে কুপিয়ে জখম করে।
স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা কাসেমকে মৃত ঘোষণা করেন। নিহত কাসেম একই ইউনিয়নের মধ্যবালিয়া গট্টি গ্রামের পান্নু বেপারীর ছেলে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
হেড অফিস: বনশ্রী (৬ম তলা), বাড়ি-৯/ই, রামপুরা, ঢাকা-১২১৯।
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: রাফেলস ইন মোড়, আর.কে প্লাজা(৩য় তলা), গোয়ালচামট, ফরিদপুর-৭৮০০।
02-55123351, 09638-185366, 01912-144136, +8801559-626229, info@dainikbhorerbarta.com